পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সুসজ্জিত অশ্বারোহী দল। শোভাযাত্রার সামনের সারিতে তাদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি করেছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রার শুরুতেই অবস্থান নেয় অশ্বারোহী ইউনিটটি। ডিএমপির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এবারের শোভাযাত্রায় তাদের ইউনিটের ২০টি সুসজ্জিত ঘোড়া অংশ নিয়েছে।
তিনি বলেন, এসব ঘোড়া ‘থ্রোব্রেড রাইডিং হর্স’—যেগুলো গতিশীলতা, সহনশীলতা ও নিয়ন্ত্রিত আচরণের জন্য পরিচিত। বড় আয়োজনের উপযোগী করে এগুলোকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শোভাযাত্রায় অংশ নিতে আসা দর্শনার্থীদের অনেকেই অশ্বারোহী দলটিকে কাছ থেকে দেখার আগ্রহ প্রকাশ করেন। কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘোড়াগুলোর কাছে যাওয়ার চেষ্টা করেন।
এদিকে ঢোল-বাদ্যের তালে ও রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে এবারের বৈশাখী শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে। ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’—এই পাঁচটি মোটিফ বিশেষভাবে স্থান পায় শোভাযাত্রায়। লোকজ প্রতীকের ধারায় এগুলো যথাক্রমে শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়।
এ ছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনা এবং প্রায় ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শোভাযাত্রার আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা জাতীয় পতাকা বহন করে এই আয়োজনে অংশ নেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!