রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আমেনা বেগম চাঁদপুর সদরের দেওয়ার বাড়ি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।
নিহতের নাতি জাবেদ বলেন, রাতে যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাঁর নানিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!