বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আজ বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপি, আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
গতকাল মঙ্গলবার বিসিবির নির্বাচনী তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ছয়জন কাউন্সিলর। রিটে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি তোলা হয়েছিল।
এর আগে গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।
নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত আরও দুজন পরিচালক বোর্ডে যুক্ত হবেন। পরে ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি।
এবারের নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
হাইকোর্টের আদেশের পর নির্ধারিত সূচি অনুযায়ী বিসিবির নির্বাচন আয়োজনের পথ আরও পরিষ্কার হলো।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!