রাষ্ট্রের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দেশের মানুষ এখন চায় রাষ্ট্রের একটি কানাকড়িও যেন অপচয় বা নয়-ছয় না হয়।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বাজেট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের অর্থ আকাশ থেকে আসে না; এটি জনগণের কষ্টার্জিত অর্থ। তাই প্রতিটি টাকার ব্যবহার হতে হবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে।
তিনি বলেন, ‘আমরা চাই না দেশের টাকা অতীতের মতো নয়-ছয় হোক। আগামীর বাংলাদেশে মানুষের প্রত্যাশা হলো রাষ্ট্রের একটি কানাকড়িও যেন অপচয় না হয়। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সেটি নিশ্চিত করতে চাই।’
সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী মনোভাবের উদাহরণ তুলে ধরে তিনি জানান, গত অর্থবছরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বরাদ্দ থেকে অব্যবহৃত ১৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘চাইলেই ওই অর্থ বিভিন্ন খাতে ব্যয়ের নামে খরচ করা যেত। কিন্তু আমরা মনে করেছি, প্রয়োজন না হলে জনগণের অর্থ অপচয় করা উচিত নয়।’
তিনি আরও বলেন, বাজেটের আকার বড় হওয়ার চেয়ে সম্পদের সঠিক ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ। অপচয় রোধ করা গেলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ৮০ থেকে ৯০ টাকার মধ্যে দুপুরের খাবার খান। আমরা যদি রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি এবং অপচয় কমাতে পারি, তাহলে বাংলাদেশের উন্নয়ন শুধু বাজেটের আকারের ওপর নির্ভর করবে না; বরং নির্ভর করবে সেই অর্থ কতটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে তার ওপর।’
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!