২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
উপ-সচিব মুন্না রানী বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে। পাশাপাশি একজন শিক্ষার্থী সাধারণত ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় এবং পরবর্তীতে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে এসএসসি পরীক্ষার জন্য চূড়ান্তভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করে থাকে। এ অবস্থায় মধ্যবর্তী সময়ে অর্থাৎ অষ্টম শ্রেণিতে পুনরায় রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক ও অ্যাকাডেমিক চাপ সৃষ্টি করতে পারে।
এতে আরও বলা হয়, একই সঙ্গে এ প্রক্রিয়া অভিভাবকদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করতে পারে। এসব বিষয় বিবেচনায় শিক্ষার্থীদের চাপমুক্ত রাখতে এবং অভিভাবকদের স্বস্তির স্বার্থে সব শিক্ষা বোর্ডের অধীনে চলমান অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত বা বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনার পর দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!