আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে আয়োজনের লক্ষ্যে দেশের সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার কেন্দ্রের প্রতিটি কক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিস কক্ষ এবং প্রশ্নপত্র খোলার কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় রাখতে হবে। যেসব কেন্দ্রে এখনো ক্যামেরা স্থাপন হয়নি, তাদের আগামী ২০ জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ড জানায়, কেন্দ্রগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সিসিটিভি সংক্রান্ত তথ্য নির্ধারিত পদ্ধতিতে বোর্ডের ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) এন্ট্রি দিতে হবে। এ জন্য কেন্দ্র প্রধানদের আলিম >>> eCIS >>> 2026 অপশন ব্যবহার করে কেন্দ্রের তথ্য আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে পরীক্ষা চলাকালে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশ্নপত্র গ্রহণকারী শিক্ষক, ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরসহ বোর্ডে নির্ধারিত ই-মেইলে (dcexam@bmeb.gov.bd) পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করবেন এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে তা সরবরাহ করতে বাধ্য থাকবেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!