শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনী’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে উদ্ভাবন, গবেষণা, সমস্যা সমাধান এবং প্রকল্পভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের বৃহৎ জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো হয়েছে এবং চলতি বাজেটেও এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক ২৯টি প্রকল্প উপস্থাপন করে।
প্রতিযোগিতায় কচুয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রথম, রহিমানগর বিএবি উচ্চবিদ্যালয় দ্বিতীয় এবং গুলবাহার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!