ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আইজিপি বলেন, “থানা থেকে লুট হওয়া বা বৈধভাবে রাখা যেকোনো অস্ত্রই নির্বাচনে থ্রেট হিসেবে দেখা হচ্ছে। বিভিন্নভাবে দেশে অস্ত্র প্রবেশ করছে, তাই তা নিয়ন্ত্রণের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। জমা পড়েনি এমন অস্ত্র সংখ্যা খুবই কম, যেগুলো বিদেশে থাকা মালিকদের বা লকারে তালা করা রয়েছে।
আইজিপি বাহারুল আলম বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য বৈধ অস্ত্র নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভোট উৎসবমুখরভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি জানান, এবার নির্বাচনে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ মোতায়েন থাকবেন। নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে বিভক্ত থাকবে। এছাড়া নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারে ৯০ শতাংশ ভোট কেন্দ্রে সিসিটিভি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা, এবং পুলিশ সুপারদের মাধ্যমে ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!