যুক্তরাষ্ট্র   শনিবার ১৩ জুন ২০২৬, শনিবার ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রথমবারের মতো কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৪:৩৭ AM

প্রথমবারের মতো কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সফরে আজ শনিবার কক্সবাজারে পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম কক্সবাজার সফর।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৯টা ৫৩ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ৯টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি একটি জনসমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে আরও রয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পেকুয়ায় ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের কবর জিয়ারত। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এ ছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

সফরের শেষ ভাগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি লং বিচ হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বৃক্ষরোপণ, খাল পুনঃখনন ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাতে তিনি ঢাকায় ফিরবেন।

দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কক্সবাজার সফর।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!