তরুণদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে দিনাজপুরের ঘোড়াঘাটে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থাপিত বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা পরিদর্শন করেন। পরে মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন।
‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং স্টার্টআপ ধারণা তুলে ধরেন।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল-মামুন কাওসার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের (ইইএসএস) উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে সন্ধ্যায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর ৬০ জন উপকারভোগীর মধ্যে বকনা বাছুরের খাদ্য বিতরণ করা হয়।
এ ছাড়া উপজেলা কৃষি দপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সার, বীজ ও ভার্মিকম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ করা হয়।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!