যুক্তরাষ্ট্র   শনিবার ১৩ জুন ২০২৬, শনিবার ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘এটি গণমানুষের বাজেট, দলীয় নয়’ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ AM

‘এটি গণমানুষের বাজেট, দলীয় নয়’ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে গণমুখী ও দরিদ্রবান্ধব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি কোনো দলীয় বাজেট নয়; বরং সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন। বাজেটকে দলীয়করণের অভিযোগকে তিনি ‘অযৌক্তিক ও অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন।

শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে জনসভাস্থল, প্রশাসনিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বিষয়গুলো বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা এবং তরুণদের জন্য সুযোগ বাড়ানোর বিষয়গুলোও বাজেটে গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে জনগণের ওপর করের চাপ কমিয়ে রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রম পরিচালনায় দীর্ঘমেয়াদে ঋণনির্ভরতা কমাতে দেশীয় রাজস্বভিত্তি শক্তিশালী করা প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার রাজস্ব আহরণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ও ব্যাংকিং খাতের বাস্তবতায় মাত্র সাড়ে তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন করা সরকারের জন্য বড় অর্জন। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাজেটকে দলীয় আখ্যা দেওয়ার সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের উপস্থাপিত বাজেটকে শুধু দলীয় বাজেট বলা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শনিবারের কক্সবাজার সফরকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে প্রস্তুতি জোরদার করা হয়েছে। সফরের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি তদারকির জন্য শুক্রবার কক্সবাজারে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!