বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়তে হবে: মাগুরায় সংস্কৃতিমন্ত্রী
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণাধর্মী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল উদ্যোগই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের (ইইএসএস) আওতায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জন নয়, বাস্তব সমস্যার সমাধানে উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তির ব্যবহার শেখাও বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চাহিদা। তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদর্শিত বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা রোবোটিক্স, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং কৃষিভিত্তিক নানা উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।
প্রদর্শনী ঘুরে দেখে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামূলক কাজের প্রশংসা করেন নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন কিছু ভাবতে এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে।
দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে সেরা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!