যুক্তরাষ্ট্র   শনিবার ১৩ জুন ২০২৬, শনিবার ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

খাল পুনঃখননে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে: পানিসম্পদমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৪:৫৩ AM

খাল পুনঃখননে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে: পানিসম্পদমন্ত্রী

খাল পুনঃখনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, খালের পানি কৃষিকাজে ব্যবহার, জলাবদ্ধতা নিরসন, মাছ উৎপাদন বৃদ্ধি এবং খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হবে।

শুক্রবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতালী-মাছুয়াখালী খাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার পাতালী-মাছুয়াখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। তাঁর ভাষ্য, খালটি পুনঃখনন করা হলে আশপাশের এলাকার কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে।

মন্ত্রী বলেন, “খাল পুনঃখননের মাধ্যমে শুধু পানি প্রবাহ স্বাভাবিক হবে না, বরং স্থানীয় জনগণের জীবন-জীবিকায়ও ইতিবাচক প্রভাব পড়বে। খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে, যা পরিবেশ সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।”

তিনি বলেন, খাল খনন ও পুনঃখনন বাংলাদেশের কৃষি উন্নয়নের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশব্যাপী জলাশয় পুনরুদ্ধার ও খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী জানান, জাতীয় পর্যায়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির প্রথম ধাপে ৫৪ জেলায় কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী, জলাশয় ও পুকুর খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শনকালে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!