ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার বেলা ১১টায় শুরু হচ্ছে। নতুন সংসদের প্রথম বৈঠক গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের কার্যসূচিতে রয়েছে প্রশ্নোত্তর পর্ব। মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
এ ছাড়া জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) সংক্রান্ত নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব ও সে বিষয়ে আলোচনা হবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল তিনটায় অধিবেশন বসবে।
শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। বৈঠকে অধিবেশনের কার্যসূচি ও সময় বণ্টন নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। বিধি-৭১–এর আওতায় মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ এসেছে ৯৭টি।
এর আগে প্রথম অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম অনুমোদিত হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!