স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পাঁচটি সিটি করপোরেশনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার দুই সিটিতে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মহানগর নেতা আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে প্রার্থী হয়েছেন আরিফুল ইসলাম আদিব।
এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) প্রার্থী করা হয়েছে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে। সিলেট সিটি করপোরেশনে (সিসিক) লড়বেন মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল। রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) দলের মনোনয়ন পেয়েছেন মহানগর আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।
প্রার্থী ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই কমিশনের অধীনে নির্বাচন হলে তা কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।”
তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ঝুঁকিতে পড়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, দ্রুত এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে সব পর্যায়ের নির্বাচন আয়োজন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট সিটি নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।
সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর স্থানীয় সরকার কাঠামো দুর্বল হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ না থাকায় নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে এবং রাজনৈতিক প্রভাব বাড়ছে।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করতে হলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। তিনি দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীকরণের সমালোচনা করেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!