যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৫:৫৭ AM

আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

মঙ্গলবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি হাসপাতালটিতে নবজাতক মৃত্যুর ঘটনার পর সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনায় পরিবর্তনের অংশ হিসেবে শেখ মহিউদ্দিন দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

তার স্থলে হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জামালুন্নেসা।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার নির্দেশিত সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তনের কাজ শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল ও অক্সিজেন ব্যবস্থার উন্নয়নে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে কাজ চলছে বলেও জানানো হয়। একই সঙ্গে কর্পোরেট অফিসের ওপরের বেকারি বন্ধ করা হয়েছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে শেখ মহিউদ্দিন দাবি করেন, লাইসেন্স পুনরুদ্ধারে ঘুষ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, শিশু মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে স্পষ্ট ব্যাখ্যা নেই। তিনি আরও জানান, মৃত শিশুদের ময়নাতদন্তও সম্পন্ন হয়নি বলে তার দাবি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!