প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সফরে মৌলভীবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ বুধবার সকাল ৯টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রেস সচিবালয় সূত্রে জানা গেছে, সফরে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি এবং একটি জনসভায় অংশ নেবেন। দিনের কর্মসূচি শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গিয়ে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
এ ছাড়া মৌলভীবাজারে অবস্থানকালে দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। গত বছরের ২৫ ডিসেম্বর দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর দেশে ফেরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম মৌলভীবাজার সফর।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!